মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শহীদ ওসমান হাদী হলে পরপর দুইটি বিতর্কিত নোটিশ জারির জেরে তোপের মুখে প্রোভোস্ট পদ থেকে মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অধ্যাপক ড. মো: ইশতিয়াক আহমেদ তালুকদার।
সোমবার (৭সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহীদ ওসমান হাদী হলের প্রোভোস্ট রুম তালাবদ্ধ করেন অত্র হলের শিক্ষার্থীরা। পরবর্তীতে ঘটনাস্থলে প্রোভোস্ট উপস্থিত হলে শিক্ষার্থীদের তোপের মুখে মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
বিশ্ববিদ্যালয় ও হল সূত্রে জানা যায়, ১ ও ২ সেপ্টেম্বর শহীদ ওসমান হাদী হলের পক্ষ দুইটি বিতর্কিত নোটিশ দেওয়া হয়। এতে বলা হয় রাত ১২টার পর কেউ রিডিং রুমে অবস্থান করতে পারবে না এবং রাত ১০টার পর ডাইনিং ও কিচেন রুম তালাবদ্ধ থাকবে। বিতর্কিত নোটিশের পাশাপাশি শিক্ষার্থীদের রুম থেকে হিটার, রাইস কুকার জব্দসহ নানাবিধ সমস্যার সমাধান না হওয়ার কারণে শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে এবং শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত প্রোভোস্ট অধ্যাপক ড. মো: ইশতিয়াক আহমেদ তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক মো: আনিছুর রহমান জানান, উপাচার্য স্যার বিদেশ সফরে থাকায় এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি। স্যার দেশে আসার পর আমরা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারবো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









