বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘বিএইউএসটি ক্যারিয়ার কার্নিভাল ৫.০’।
রবিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ওই কার্নিভালের উদ্বোধন করেন বিএইউএসটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.), ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়নসহ (অব.) বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
কার্নিভালে দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ছিল প্রাণ-আরএফএল, নোয়াহ, ক্যারিয়ার হাব (ব্র্যাক), দেশবন্ধু, মাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাকওয়া ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুর, ব্লিং লেদার, সনিক আইক্সো, সেকশন সেভেন লিমিটেড, উইন চ্যাম্পিয়ন এবং উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন এবং তাদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
দিনব্যাপী আয়োজিত এই কার্নিভালে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার পাশাপাশি চাকরি, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে পরামর্শ গ্রহণের সুযোগ পান। এক ছাদের নিচে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং শিক্ষার্থীদের এসব সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সোসাইটি অব বিএইউএসটি-এর আয়োজনে এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা দপ্তরের সহযোগিতায় ‘বিএইউএসটি ক্যারিয়ার কার্নিভাল ৫.০’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বেভারেজ পার্টনার ছিল প্রাণ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল এখন টিভি, প্রথম আলো ও দৈনিক ইত্তেফাক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









