পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ট্রাকচালক ও হেলপারকে জিম্মি করে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাক দুটি ঝুটসহ উদ্ধার করতে সক্ষম হলেও ডাকাতচক্রের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের পাশে বাবু মন্ডলের ওজন স্কেলে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পাকশীর যুক্তিতলা গ্রামের বাসিন্দা জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ঝুটবোঝাই ছয়টি ট্রাক বের করা হয়। বিকেলে দিয়াড় বাঘইল এলাকার ওজন স্কেলে ট্রাকগুলোর ওজন নেওয়ার সময় মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সেখানে এসে উপস্থিত হয়। তারা অস্ত্রের মুখে চালক, হেলপার ও ওজন স্কেলের কর্মচারীদের জিম্মি করে মারধর করে এবং দুটি ট্রাক ছিনিয়ে নিয়ে যায়।
ডাকাতরা প্রথমে ট্রাক দুটি পাকশীর নতুন রূপপুর স্কুলসংলগ্ন একটি কড়ইগাছের নিচে কিছু সময় রাখে। পরে সেগুলো পাবনা শহরের বিসিক এলাকায় নিয়ে পুনরায় ওজন করিয়ে বাইপাস সড়কসংলগ্ন গাছপাড়া এলাকায় নিয়ে যায়।
খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ রাতভর অভিযান চালিয়ে জিম্মি ট্রাকচালকদের উদ্ধার করে এবং ঝুটসহ ট্রাক দুটি নিজেদের হেফাজতে নেয়।
ডিবির ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, “এটি সাধারণ ছিনতাই নয়, বরং পরিকল্পিত ডাকাতি। ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ সশস্ত্র দল এ ঘটনায় অংশ নেয়। অভিযানের আগেই তারা একটি প্রাইভেট কারে পালিয়ে যায়। তবে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “ঘটনাটির তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









