দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা এবং মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জে ক্ষতিকর ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী, চাকজাল ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় এক ব্যবসায়ীকে কারাদণ্ড এবং দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দরের তিনটি দোকানে এই অভিযান চালানো হয়।
অভিযানে মৎস্য সুরক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে বরগুনা জেলার বেতাগী উপজেলার জলিসা গ্রামের ব্যবসায়ী মো. জাফর হাওলাদার ও আব্দুল হালিমকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সুবিদখালী গ্রামের ব্যবসায়ী নূর মোহাম্মদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মির্জাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান জানান, দেশীয় প্রজাতির মাছ বাঁচাতে চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধে এ ধরনের তদারকি নিয়মিত পরিচালনা করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী বলেন, ‘‘দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও অননুমোদিত জালের বিস্তার ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ জালের ব্যবহার পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









