বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অফিসিয়াল ওয়েবসাইটে বিভাগীয় তথ্য ও শিক্ষক প্রোফাইল হালনাগাদের নির্দেশনা দিয়ে নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগ ও দপ্তরগুলোকে আগামী ১৩ আগস্টের মধ্যে প্রয়োজনীয় তথ্য, ছবি ও সংশ্লিষ্ট ডকুমেন্টস ওয়েবসাইটে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে, ১৯ জুলাই দৈনিক এদিন-এ প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষকদের পূর্ণাঙ্গ তথ্যের অভাব, অসম্পূর্ণ প্রোফাইল এবং ওয়েবসাইট ব্যবস্থাপনার বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরা হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নির্দেশনাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রতিষ্ঠানটির অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার ও পরিচিতির মাধ্যম। শিক্ষার্থী, অভিভাবক, গবেষক, দেশি-বিদেশি অংশীজনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিশ্ববিদ্যালয়ের সঠিক ও হালনাগাদ তথ্য উপস্থাপনের জন্য ওয়েবসাইটে প্রকাশিত সব তথ্য নিয়মিত হালনাগাদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্যে প্রতিটি বিভাগ ও দপ্তরকে তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিভাগীয় পরিচিতি, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, যোগাযোগের ঠিকানা, চলমান কার্যক্রম, গবেষণা, প্রকাশনা, নোটিশ, ছবি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সব শিক্ষকের ব্যক্তিগত প্রোফাইলে নাম, পদবি, ছবি, শিক্ষাগত যোগ্যতা, গবেষণার ক্ষেত্র, প্রকাশনা, যোগাযোগের তথ্য, Google Scholar, ORCID, ResearchGate ও LinkedIn–এর লিংক (যদি থাকে) সংযুক্ত করে ওয়েবসাইটে প্রকাশের উপযোগী করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখা, তথ্যসেবার মান উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে উপস্থাপনের স্বার্থে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ১৩ আগস্ট ২০২৬-এর মধ্যে প্রয়োজনীয় তথ্য ও ছবি আইসিটি সেলের মাধ্যমে ওয়েবসাইটে হালনাগাদ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে অনেক বিভাগ ও শিক্ষকের প্রোফাইলে প্রয়োজনীয় তথ্য, ছবি ও গবেষণাসংক্রান্ত তথ্য অনুপস্থিত ছিল। প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থী, গবেষক ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য জানতে আগ্রহীদের জন্য তা কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের মতে, নিয়মিত তথ্য হালনাগাদ ও আধুনিক ওয়েবসাইট ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বেরোবির একাডেমিক ও গবেষণাভিত্তিক কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









