বিতর্ক যেন পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। বিশ্বকাপ থেকে ব্রাজিল বাদ পড়ার এক সপ্তাহের মধ্যেই পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার মাঠে গোল উদযাপনের ভঙ্গি নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা।
ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ভিলা বেলমিরোতে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে খেলতে নামে নেইমারের ক্লাব সান্তোস। ম্যাচের ৩৫ মিনিটে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তবে গোলের চেয়ে বেশি আলোচনায় আসে তার উদযাপন।
গোলের পর দুই হাতে তাস বিলানোর মতো ভঙ্গি করেন নেইমার। টিভি ক্যামেরায় দেখা যায়, এ সময় মুখে ‘চুপা’ শব্দটিও উচ্চারণ করেন তিনি। অনেকের ধারণা, সাম্প্রতিক সমালোচনার জবাব হিসেবেই এমন উদযাপন করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এর আগে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ম্যাচে না খেলে সাও পাওলোতে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় সমালোচিত হন নেইমার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে সমালোচকদের জবাব দেন তিনি।
ম্যাচে অবশ্য নিজের পারফরম্যান্স দিয়ে জবাব দিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা। সান্তোসের হয়ে করেছেন জোড়া গোল এবং আক্রমণভাগে ছিলেন দলের সবচেয়ে সক্রিয় খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত চ্যাপেকোয়েন্সের সঙ্গে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সান্তোসকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









