মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ মুক্তির প্রস্তুতি শুরু করেছে। প্রচারণার অংশ হিসেবে ঐতিহাসিক ২৫ জুলাই প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার।
অনম বিশ্বাস পরিচালিত সিনেমাটির পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে ‘ঠিকানা বাংলাদেশ’ টিম। ১৯৭১ সালের ২৫ জুলাই ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ম্যাচকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে সিনেমাটি।
মুক্তিযুদ্ধের সময় বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা নিয়ে প্রথম মাঠে নামা স্বাধীন বাংলা ফুটবল দলের লড়াই, দেশপ্রেম ও স্বাধীনতার পক্ষে জনমত তৈরির গল্পই সিনেমাটির মূল বিষয়।

প্রকাশিত পোস্টারে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের আবহ ফুটে উঠেছে। পানিতে ডুবে থাকা জনপদ, ফুটবলারের ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং লাল-সবুজ পতাকার উপস্থিতিতে উঠে এসেছে প্রতিরোধ ও দেশপ্রেমের প্রতীকী চিত্র।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ অনেকে।
নির্মাতা অনম বিশ্বাস জানিয়েছেন, চলতি বছরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান বড় পর্দায় তুলে ধরাই এই সিনেমার লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









