ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ছেঁড়ার ঘটনায় মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে যারা অজ্ঞ এবং প্রথাগত দলীয় রাজনীতিতে অন্ধ, তারাই এমন আচরণ করতে পারেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন গোলাম পরওয়ার।
জিন্নাহর ছবি ছেঁড়ার বিষয়ে জানতে চাইলে গোলাম পরওয়ার বলেন, বিষয়টি তারা অবগত হয়েছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং এই ভূখণ্ডের স্বাধীনতার পেছনের ঘটনাগুলো সম্পর্কে জানা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘‘যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাস জানেন না, বাংলাদেশের জন্মের পেছনের কথা জানেন না, এই ভূখণ্ডকে আজাদ ও স্বাধীন করার পেছনে কারা লড়াই করেছেন এবং তাঁদের কী অবদান ছিল, সেই ইতিহাস থেকে যারা অজ্ঞ, শুধু প্রথাগত দলীয় রাজনীতিতে যারা অন্ধ, তাঁরা এ ধরনের আচরণ করতে পারেন।’’
গোলাম পরওয়ার আরও বলেন, জিন্নাহ যে আন্দোলন করেছিলেন এবং যেসব বক্তব্য দিয়েছিলেন, সেসব আন্দোলনের সঙ্গে এই ভূখণ্ডের দেশপ্রেমিক নাগরিকদের সম্পৃক্ততা ছিল। তাই রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এসব ইতিহাস জানা প্রয়োজন।
তার ভাষায়, ‘‘উনি যে আন্দোলন করেছিলেন, যে কথা বলেছিলেন, এই ভূখণ্ডের সমস্ত দেশপ্রেমিক নাগরিক সে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এগুলোর ইতিহাস জানতে হবে। রাজনীতিতে ইমম্যাচুরিটি থাকলে বহু কাজ, বহু দায়িত্ব এমন হয়ে যায়, যেগুলো মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়।’’
এর আগে সোমবার দুপুরে ডাকসুর সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানান শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।
সাংবাদিকদের কাছে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘‘যে জিন্নাহ আমাদের মাতৃভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল, যে জিন্নাহ ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করেছিল, সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









