কক্সবাজারের মহেশখালী পৌরসভার চরপাড়া এলাকায় চাঁদ মণি (১৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোরকঘাটা চরপাড়া এলাকায় স্বামী শাহিন আলমের (২২) বাড়ি থেকে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত চাঁদ মণি কুতুবজোম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘটিভাঙ্গা ডেম্বুনি এলাকার প্রবাসী ওসমান গনির মেয়ে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় সাড়ে তিন মাস আগে চাঁদ মণি ও শাহিন আলম পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার ওপর চাপ প্রয়োগ করা হতো বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।
চাঁদ মণির ফুফাতো ভাই জামাল হোসেন (বাপ্পি) অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামীর পরিবারের পক্ষ থেকে যৌতুকের জন্য চাপ দেওয়া হতো। এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। তার গলায় মারধরের চিহ্ন দেখেছি। তবে সেটি গলায় রশি দেওয়ার মতো মনে হয়নি।’
স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী শাহিন আলম কোনো ধরনের দাম্পত্য কলহের কথা অস্বীকার করেছেন। থানায় সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমাদের সাড়ে তিন মাস আগে বিয়ে হয়েছে। আমাদের মধ্যে কোনো ধরনের ঝামেলা ছিল না। আজ সকালে আমরা একসঙ্গে এক বাটিতে করে রুটি খেয়েছি, আমি তাকে খাওয়ায়ও দিয়েছি। এরপর সে আমাকে ফেলে চলে গেল। আমাকে খুনি বানিয়ে দিয়ে গেল। আমাকে কেন সঙ্গে নিয়ে গেল না?’
মরদেহ উদ্ধারের পর নিহতের স্বজনদের মধ্যে ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
মরদেহ ময়নাতদন্ত না করেই দাফনের চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোলতান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









