ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সহ সকলকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর ব্যবহার না করার জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাহ্ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলকে ব্যবহার না করার অনুরোধ করা হলো। সকলকে বিষয়টি যথাযথ অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এর আগে, বুধবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় আইন বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরাফাতকে উদ্ধার করে ইবি মেডিকেলে নিয়ে যায় শিক্ষার্থীরা।
মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক ভাবে ফিরে আসলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন।
উল্লেখ্য, গত বছরেও জুলাই মাসে (১৭ জুলাই) বিকেলে একই পুকুর থেকে বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই শিক্ষার্থীদের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে নামার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। এবং আজকের ঘটনার পর পুনরায় পুকুরটি ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









