জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী ৭ শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানানো, তাঁদের খোঁজখবর নেওয়া এবং মতবিনিময়ের লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অনুষ্ঠানকে কেন্দ্র করে সুসজ্জিত করা হয়েছে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়াম।
জাতীয় নাগরিক পার্টির আয়োজিত এই মতবিনিময় সভায় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহীদ পরিবারের সদস্যদের সাথে সরাসরি কথা বলবেন ও সম্মাননা জ্ঞাপন করবেন।
অনুষ্ঠান উপলক্ষে পৌর অডিটোরিয়ামের মূল মঞ্চ সুসজ্জিত করা হয়েছে। শহীদদের ছবি সংবলিত ব্যানার, পুষ্পশোভিত মঞ্চ, অতিথিদের জন্য সুনির্দিষ্ট আসন এবং আগত অংশগ্রহণকারীদের বসার সুব্যবস্থাসহ সার্বিক আয়োজন ইতোমধ্যে শেষ হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছবেদ আলী জানান, অনুষ্ঠানটি যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এ সভাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









