ভোলার চরফ্যাশন উপজেলায় একটি খাল পুনঃখনন প্রকল্প শেষে সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। প্রকল্পের নির্ধারিত কারিগরি মান অক্ষুণ্ন রেখে কাজ সম্পন্ন করার পর সরকারি অর্থের এই বিপুল পরিমাণ সাশ্রয় হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’–এর আওতায় এই প্রকল্প গ্রহণ করা হয়। চরফ্যাশন উপজেলার সুবল ডাক্তার বাড়ি থেকে সুন্দরী ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৭ কিলোমিটার খাল পুনঃখননের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছিল ২ কোটি ৬ লাখ টাকা।
প্রশাসন জানায়, প্রকল্প বাস্তবায়নে সরকারি নির্দেশনা ও কারিগরি মান যথাযথভাবে বজায় রাখা হয়েছে। তবে মাঠপর্যায়ে কাজের সমীক্ষা ও প্রাক্কলনের তুলনায় খালের কয়েকটি অংশে প্রস্থ ও গভীরতা কম প্রয়োজন হওয়ায় পুরো টাকা ব্যয় করতে হয়নি। ফলে সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে অতিরিক্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ বলেন, "দীর্ঘদিন ভরাট হয়ে থাকায় স্থানীয় বাসিন্দারা চরম জলাবদ্ধতায় ভুগছিলেন। পানিপ্রবাহ স্বাভাবিক রাখা ও পরিবেশ রক্ষায় খালটি পুনঃখনন করা হয়েছে। সরকারি অর্থের স্বচ্ছতা ও শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতেই সাশ্রয় হওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। অর্থের অপচয় রোধে উপজেলা প্রশাসন সর্বদা দায়বদ্ধ।"
এদিকে দীর্ঘদিনের ভরাট খালটি পুনঃখননের ফলে এলাকায় জলাবদ্ধতা নিরসন হওয়ার পাশাপাশি কৃষি জমিতে সেচ সুবিধা অনেকাংশে বাড়বে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









