বলিউড অভিনেতা আমির খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও ভয়েস নোটে তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ এনে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই বার্তায় আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই নামের দুই ব্যক্তি নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাং–এর সদস্য বলে দাবি করেছেন।
তবে ভাইরাল হওয়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মুম্বাই পুলিশ।
মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা যাচাই করা হচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
এদিকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম জানিয়েছেন, পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত করছে। আমির খান বর্তমানে বিদেশে থাকায় তিনি দেশে ফিরলে তার সঙ্গে যোগাযোগ করা হবে। পরিস্থিতি বিবেচনায় তার নিরাপত্তা জোরদারের বিষয়টিও পর্যালোচনায় রয়েছে।
উল্লেখ্য, এর আগে একই গ্যাংয়ের নাম ব্যবহার করে একাধিকবার বলিউড অভিনেতা সলমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এবার আমির খানকে ঘিরে একই ধরনের হুমকির অভিযোগ সামনে আসায় বলিউডে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









