আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান জুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কের কাছে দুর্ঘটনাটি ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সান জুয়ানের গভর্নর মার্সেলো ওররেগো জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল একটি বেল ৪১২। পার্শ্ববর্তী লা রিওজা প্রদেশে চলমান দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য প্রশিক্ষিত দমকলকর্মীদের প্রথম দলটি ওই হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছিল।
সান জুয়ান থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই সময়ই এটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা বার্তা সংস্থা এএফপিকে জানান, হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। তার ভাষায়, এটি ছিল অত্যন্ত ভয়াবহ দুর্ঘটনা এবং কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না।
হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে সান জুয়ানের প্রাদেশিক সরকার।
দুর্ঘটনার পর সান জুয়ান প্রদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গভর্নর মার্সেলো ওররেগো এবং আর্জেন্টিনার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আলেজান্দ্রা মন্তেওলিভা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ ধরে লা রিওজা প্রদেশে ভয়াবহ দাবানল চলছে। এতে ইতোমধ্যে হাজার হাজার হেক্টর বনভূমি ও কৃষিজমি পুড়ে গেছে।
সূত্র: এএফপি, এনডিটিভি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









