পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে প্রতিবেশী ও সমবয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ দুর্ঘটনা ঘটে। একসঙ্গে দুই শিশুর করুণ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো- আটলংকা দক্ষিণ সেনগ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) এবং রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)।
স্বজনরা জানান, শনিবার দুপুরে গ্রামের জনু মেম্বরের পুকুরে গোসল করতে নামে প্রতিবেশী দুই শিশু হুজাইফা ও মাহফুজ। একপর্যায়ে সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় দুই ঘণ্টা পর পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। দুই শিশুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার বলেন, একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









