রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকের দেয়ালে ছাত্রদল কর্তৃক রাজনৈতিক স্লোগান লেখার অভিযোগ কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দেয়ালে লাল রঙে ‘শিবির মুক্ত ক্যাম্পাস’ লেখা দেখা যায়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে রংপুর মহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে সন্ধ্যার দিকে প্রধান ফটকের দেয়ালে ‘শিবির মুক্ত ক্যাম্পাস’ লেখা দেখতে পান শিক্ষার্থীরা।
দেয়াল লিখনের বিষয়টি ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নান্দনিকতা ও সৌন্দর্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
সাবেক শিক্ষার্থী রিশাদ নুর এক ফেসবুক পোস্টে লেখেন, “একটা গেট কত সংগ্রাম আর কষ্ট করে পেয়েছে, সেটা এই ক্যাম্পাসের সাবেকরা জানে। কয়েকজনের কারণে গেটের এমন অবস্থা হলো। ক্যাম্পাস সবার, কোনো একটি রাজনৈতিক দলের নয়।”
আরেক শিক্ষার্থী সোবুর খান লেখেন, “গেটের সৌন্দর্য নষ্ট করে রাজনীতি নয়, দ্রুত এসব লেখা মুছে ফেলা উচিত।”
শিক্ষার্থী মেহেরাজ হোসাইন প্রশ্ন তুলে লেখেন, “শিক্ষাঙ্গন কি নিরাপদ?”
এদিকে ফেসবুকের বিভিন্ন পোস্টের মন্তব্যেও অনেক শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া আরো অনেক শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নান্দনিকতা অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: ফেরদৌস রহমান বলেন, ”আমাদের একটা তদন্ত কমিটি করে দেওয়া আছে তদন্ত কমিটির প্রধান ফটকের লিখনের বিষয় যারা জড়িত আছে তাদের বিষয়টি দেখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রধান ফটকের মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









