আবেগের বশবর্তী হয়ে পরিচালিত হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘জুলাই-৩৬’ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, চব্বিশের জুলাই আন্দোলনের যে শিক্ষা তা অত্যন্ত অনুধাবনযোগ্য। ওই সময়ে ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নেওয়া মোটেও সহজ ছিল না। আমরা ঐক্যবদ্ধভাবে তাড়িয়েছিলাম। তবে জুলাইয়ে যে আবেগ ছিল আমরা যদি পুরোটাই আবেগের বশবর্তী হয়ে চলি, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে যারা নিজের জীবনকে তুচ্ছ করে দেশের জন্য উৎসর্গ করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি সমবেদনা এবং তাদের পরিবারের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা।
তিনি বলেন, আমরা এ কথাটাই সমস্বরে বলতে চাই—জুলাই আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, ওই সিনারিগুলো যদি আমরা দেখি ওই ভিডিওগুলো যদি আমরা দেখি তাহলে এটি কত কঠিন ছিল সেটি আমরা অনুভব করতে পারি। ঐ সময়ে ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে অবস্থান নেওয়াটা এটি মোটেই কোনো সহজ বিষয় ছিল না। অনেক কঠিন বিষয় ছিল।
তিনি আরো বলেন, আমরা ২৪ জুলাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট তাড়িয়েছিলাম আবার নতুন করে শপথ গ্রহণ করি। আমি মনে করি যে জুলাই আবেগ ছিল, কিন্তু পুরোটাই যদি আবেগের বশবর্তী হয় তাহলে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে।
অধ্যাপক ড. মো. আব্দুস শহীদ মিয়ার সভাপতিত্বে ও অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক সংগঠন জিয়া পরিষদ, গ্রিন ফোরাম এবং ইউট্যাব–এর নেতৃবৃন্দ। ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইবির সমন্বয়ক এস এম সুইট। ছাত্র সংগঠন ছাত্রশিবির, ছাত্র শক্তি, জমিয়তে তালাবিয়া ইসলামিয়া, খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন–এর নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









