জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া এবং ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে সাহসিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন জুলাই যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাদের আত্মত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং দেশপ্রেম, ন্যায়বোধ, মানবিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে এ দিবসের তাৎপর্য অপরিসীম। তারা গণতন্ত্র সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজয়ীদের উচ্ছ্বাসে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









