জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অদম্য জুলাই মিছিল’ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
বুধবার (৫ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমাবেশ মিলিত হয়।
এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুব আলী, সেকেটারী রাশেদুল ইসলাম রাফি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ‘‘স্বৈরাচারকে এদেশ থেকে বিতাড়িত করার মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এসেও মানুষ পদে পদে বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে, তারা আইনি অধিকার পাচ্ছে না। আজ এখান থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই—যারা গত বছর বলেছিল ‘আর নয় হেলাফেলা, এবার হবে ফাইনাল খেলা’, তাদের বিচার কতটুকু হয়েছে তা প্রশাসনের কাছে জানতে চাই।’’
শাখা শিবির সভাপতি মো. ইউসুব আলী বলেন, ‘‘আজ থেকে ঠিক দুই বছর আগে ৫ই আগস্ট খুনি হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। আমরা জুলাই আন্দোলনে রক্তের বিনিময়ে ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু দুই বছর পার হলেও ইনসাফ কায়েম হয়নি, বৈষম্য দূর হয়নি।’’
তিনি বলেন, ‘‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবরার ফাহাদ হলে থিওলজির শিক্ষার্থীদের আসন না দেওয়া স্পষ্ট বৈষম্য, যা প্রশাসনকে অবিলম্বে নিরসন করতে হবে। ক্ষমতা পেয়ে ছাত্রদলের ভাইয়েরা বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও শিবিরের ওপর হামলা চালাচ্ছে এবং গণরুম-গেস্টরুম কালচার ফিরিয়ে আনার পাঁয়তারা করছে। ছাত্রলীগের পরিণতি মনে রেখে আপনারা সঠিক পথে ফিরে আসেন; আমাদের ধৈর্যের বাঁধ ভাঙলে ক্যাম্পাস থেকে আপনাদের বিতাড়িত করা হবে।’’
তিনি আরও বলেন, ‘‘বর্তমান সরকার নির্বাচনে জেতার পর জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করার ঘোষণা দিয়েছে। রাজপথে নেমেছি, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









