জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘স্মৃতিতে ৩৬ জুলাই এবং ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধারা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। এসময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
উপাচার্য বলেন, “আজ আমরা এমন এক সময়ে একত্রিত হয়েছি, যা আমাদের অর্জিত গণতন্ত্র ও বাকস্বাধীনতার পথচলাকে স্মরণ করিয়ে দেয়। দীর্ঘ ১৭ বছর পর প্রাপ্ত এই স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখতে হলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য, ধৈর্য ও সহনশীলতা। আমরা যেন অনর্থক বিভেদ বা ভুল বোঝাবুঝিতে জড়িয়ে না পড়ি। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকলে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। তবে তা কোনো তাড়াহুড়ো বা প্রতিশোধের উদ্দেশ্যে নয়; সুষ্ঠু তথ্য-উপাত্তের ভিত্তিতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করা হবে, যাতে কেউ অবিচারের শিকার না হন। আসুন, কোনো ভুলের কারণে এই অর্জনকে ব্যর্থ হতে না দিয়ে আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ ও আমাদের বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছিরের সভাপতিত্বে ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল।
সভায় জুলাই যোদ্ধাদের পক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন গণমাধ্যম কর্মী মার্কেটিং বিভাগের মাসুদ রানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৌসিফ আলম খান, ইংরেজি বিভাগের সুমাইয়া খাতুন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মুহাম্মদ শাহীর খান এবং একই বিভাগের রবিউল খান।
এ ছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাসিব, বাংলাদেশ ছাত্রশক্তির সভাপতি বেলাল হোসেন এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের প্রতিনিধি এডিসন বৌদ্ধ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









