ময়মনসিংহের ভালুকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা জামায়াতের আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু, এনসিপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, গণঅধিকার পরিষদের নেতা আনোয়ার হোসেন বিদ্যুৎ, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে ভালুকায় জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত শহিদ তোফাজ্জলের হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়। পাশাপাশি শহিদ পরিবারের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









