কিশোরগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলার গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এ সময় শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফসহ সরকারি-বেসরকারি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই যোদ্ধা এবং সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধাঞ্জলি শেষে কিশোরগঞ্জ জেলা শহরের জেলা শিল্পকলা একাডেমি হল রুমে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শহীদদের স্মরণে উপস্থিত সকলেই দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি কিশোরগঞ্জ-১ ( সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, ‘‘জুলাই শহীদদের বীরত্বগাঁথা ও আত্নত্যাগকে এ দেশের মানুষ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাদের রক্ত-ঋণের ওপর দাঁড়িয়ে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশে উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রকে সুসংহত করা এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে বাসযোগ্য দেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে চাই।’’
বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার সকল হাসপাতাল, কারাগার এবং সরকারি শিশু পরিবারে উন্নত মানের প্রীতিভোজের আয়োজন করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









