জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘সম্মিলিত কণ্ঠে বিজয়ের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশক্তি।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাখা ছাত্রশক্তির দপ্তর সেল সদস্য ও অনুষ্ঠানের মূল ভোকালিস্ট রাফিদ জাবির অর্ণবের সঞ্চালনায় এবং শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য সচিব ইফতেহার উদ্দীন, পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন সেল সদস্য মো. তারেক জাহান জয়, মিসনো আলী আসনাওয়ী, সংগঠক রাজু আহমেদ জীবন, সাব্বির আহমেদ এবং শাখা ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শাখা ছাত্রশক্তির সদস্য সচিব ইফতেহার উদ্দীন বলেন, “জুলাইয়ের ঐতিহাসিক আন্দোলনে গান শুধু বিনোদনের মাধ্যম ছিল না, এটি ছিল প্রতিবাদের জোরালো ভাষা, সাহসের অফুরন্ত উৎস এবং তরুণদের ঐক্যের প্রধান শক্তি। সেই উত্তাল সময়ে যে গানগুলো ছাত্র-জনতাকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছিল, সেগুলোই আজ আমরা এখানে পরিবেশন করছি। জুলাই আন্দোলনের অভূতপূর্ব ঐক্য, অদম্য সাহস ও বীরত্বপূর্ণ আত্মত্যাগের চেতনাকে স্মরণ রাখা এবং নতুন প্রজন্মের মাঝে সেই স্মৃতি ও প্রত্যয় জাগিয়ে তোলাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।”
আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, “আমরা এই প্রোগ্রামে মূলত জুলাই বিপ্লবের সময় যেসব গান আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল, সেগুলো সবাই মিলে একসাথে গাওয়ার চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য ক্যাম্পাসে অপসংস্কৃতি ও কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা করে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করা। জুলাইয়ের যে বিপ্লবী স্পিরিট, তা কেবল জুলাই মাসের নির্দিষ্ট দিনগুলোতে সীমাবদ্ধ না রেখে পুরো বছরজুড়ে আমরা চর্চা করে যেতে চাই।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









