ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসি (ওয়াইএফপি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘পলিসি ক্যাম্প ২০২৬’-এ কুষ্টিয়া জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী তাসদিদ এনাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ‘ইয়ুথ ফর পলিসি’ কুষ্টিয়া জেলা কমিটির বর্তমান টিম-লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, ‘ইয়ুথ ফর পলিসি’র ৪২টি জেলার নেটওয়ার্ক সদস্যদের মধ্য থেকে প্রতিযোগিতাপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে এই ক্যাম্পের প্রতিনিধি নির্বাচন করা হয়। প্রাথমিক পর্যায়ে আবেদনপত্র এবং নির্দেশিকা অনুযায়ী পাঠানো ভিডিও মূল্যায়নের ভিত্তিতে ৮২ জন প্রার্থীকে শর্টলিস্ট করা হয়। পরবর্তীতে এই ৮২ জনকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে বিশেষ সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রার্থীদের নেতৃত্বের দক্ষতা ও কার্যকারিতা মূল্যায়ন করা হয়। সব যাচাই-বাছাই শেষে সেরা ৩০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে জায়গা করে নেন তাসদিদ।
অনুভূতি প্রকাশ করে তাসদিদ এনাম বলেন, ‘‘জাতীয় পর্যায়ের একটি প্ল্যাটফর্মে নিজের জেলা কুষ্টিয়া এবং প্রিয় ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের। এই অর্জন শুধু একটি স্বীকৃতি নয়, বরং তরুণদের নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত করার এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করার ক্ষেত্রে নতুন একটি দায়িত্বের সূচনা।’’
উল্লেখ্য, ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) মূলত এটি বাংলাদেশের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষণা, নীতি-আলোচনা ও অ্যাডভোকেসির মাধ্যমে তথ্যভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজ করে। অপরদিকে ইয়ুথ ফর পলিসি (ওয়াইএফপি) তরুণদের নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় সম্পৃক্তকরণ, নেতৃত্বের বিকাশ এবং জনস্বার্থের নানা বিষয়ে নীতি-আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্র তৈরিতে কাজ করে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









