পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দোরোখিন সের্গেই নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত ‘এটোমটেক এনার্গো’ কোম্পানির নিজস্ব কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও প্রকল্প সূত্রে জানা যায়, মৃত দোরোখিন সের্গেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সহযোগী ঠিকাদার প্রতিষ্ঠান এটোমটেক এনার্গোতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









