ছাত্রদলকে ‘টোকাই’ বলে মন্তব্য করার প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়ায় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা ও গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান।
বুধবার (১২ আগস্ট) বিকেলে গঙ্গাচড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে ছাত্রদল সম্পর্কে ‘ছাত্রদলে ছাত্র নাই, সব বস্তির টোকাই’ এমন মন্তব্য করতে শোনা যায়। ওই বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আখতারুজ্জামান তিতাস। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদুজ্জামান নয়ন ও রাসেল মিয়া, গঙ্গাচড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অয়ন, সাধারণ সম্পাদক রিফাত আহমেদ, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক হাসানুর আলম হাসানসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলকে নিয়ে এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা রায়হান সিরাজীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁর বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









