বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসে প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনটি। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকার একটি চেক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করে এ অর্থের চেক হস্তান্তর করে।
প্রতিনিধি দলে বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও, পরিচালক অর্থ এবং সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩৪ ধারা অনুযায়ী কোনো কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশের ১০ শতাংশ অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার বিধান রয়েছে। এ বিধান অনুসারে ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে প্রদেয় অর্থের ১০ শতাংশ, অর্থাৎ ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকা ফাউন্ডেশন তহবিলে দেওয়া হয়েছে।
বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রম আইনের বিধান অনুযায়ী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ন্যায্য মুনাফার অংশ দেওয়া প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার অংশ। জাতীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধা রেখে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতেও এই দায়বদ্ধতা পালনের অঙ্গীকার রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সংস্থাটির ইতিহাসে এবারই প্রথম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ প্রদান করা হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









