পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এবং পাবনার কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের মধ্যে চিকিৎসা, রোগ নির্ণয়, ব্যবহারিক শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পাবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এবং কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পক্ষে পরিচালক (প্রশাসন) মো. মোস্তফা জামাল (শামীম) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. রাশেদুল হকসহ সংশ্লিষ্টরা।
সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্য এবং শিক্ষার্থীরা কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার থেকে চিকিৎসা ও রোগ নির্ণয় সেবায় বিশেষ সুবিধা পাবেন। প্যাথলজিক্যাল পরীক্ষায় ৩৫ শতাংশ এবং সব ধরনের রেডিওলজি ও ইমেজিং পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এ সুবিধা পেতে বৈধ পরিচয়পত্র এবং পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচয় বা সম্পর্কের প্রমাণ দেখাতে হবে।
এ ছাড়া বিশেষ ক্ষেত্রে অতি দরিদ্র শিক্ষার্থী ও কর্মচারী চিকিৎসা ব্যয় বহনে সম্পূর্ণ অক্ষম হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা ও রোগ নির্ণয় সেবা দেওয়ার ব্যবস্থা থাকবে।
সমঝোতার আওতায় ফার্মেসি বিভাগের ল্যাব ব্যবহারে প্রয়োজনীয় সহযোগিতা, শিক্ষার্থীদের কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের ল্যাব পরিদর্শন, পরীক্ষার পদ্ধতি পর্যবেক্ষণ ও নমুনা ব্যবস্থাপনায় সহযোগিতা করা হবে। পাশাপাশি সুযোগ থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ইন্টার্নশিপ, খণ্ডকালীন ও পূর্ণকালীন চাকরির সুযোগ পাবেন। ফার্মেসি বিভাগের কারিকুলাম উন্নয়নেও সহযোগিতা করবে কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার।
এ বিষয়ে পাবিপ্রবির রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, ‘‘এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উন্নত চিকিৎসা ও রোগ নির্ণয় সেবার পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ পাবেন। বিশেষ করে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের জন্য ল্যাব পরিদর্শন, ইন্টার্নশিপ ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পরিচালক (প্রশাসন) মো. মোস্তফা জামাল (শামীম) বলেন, ‘‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমঝোতা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের চিকিৎসা ও রোগ নির্ণয় সেবায় বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আমরা সহযোগিতা করতে চাই। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আমরা আশা করি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









