গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর আচার্য হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর–কে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দনবার্তায় উপাচার্য বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর নির্বাচিত হওয়া বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, নেতৃত্বগুণ এবং দেশসেবার প্রত্যয় রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অভিনন্দনবার্তায় উপাচার্য আরও বলেন, মাভাবিপ্রবির আচার্য হিসেবে রাষ্ট্রপতির নেতৃত্ব ও দিকনির্দেশনা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং মানবসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে জাতির মহান নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী–এর নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তাঁর অভিভাবকসুলভ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন।
বার্তার শেষাংশে উপাচার্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









