দেশের হাসপাতালগুলোতে নারীদের গাইনী ও জরায়ুজনিত রোগের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীতে আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশের স্বাস্থ্যব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে প্রাথমিক পর্যায় থেকেই চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নারীরা যেন শুরু থেকেই জরায়ু ও অন্যান্য গাইনীজনিত রোগ সম্পর্কে সচেতন হতে পারেন, সে জন্য সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। রোগের প্রাথমিক পর্যায়ে সচেতনতা তৈরি হলে চিকিৎসা গ্রহণের সুযোগও বাড়বে।
এ ছাড়া দেশের অভিজ্ঞ ও বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা খাতে আরও কার্যকর অবদান রাখার সুযোগ তৈরিতে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন ড. এম এ মুহিত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









