কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ২০০ কিলোওয়াট পিক ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) প্ল্যান্ট চালু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চালুর প্রথম দিনেই কার্যালয়ের নিজস্ব বিদ্যুৎ চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্যাপেক্স মডেলে বাস্তবায়িত এ প্রকল্পে সরকারি বরাদ্দ ছিল ৭৫ লাখ টাকা। এ মডেলে সরকারি অর্থায়নে প্রকল্পের বিনিয়োগ করা হয় এবং স্থাপিত প্ল্যান্টের মালিকানা থাকে সংশ্লিষ্ট কার্যালয়ের হাতে। প্রকল্পটি চালুর ফলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা ও সরকারি ব্যয় কমার পাশাপাশি দিনের বেলায় জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব জ্বালানি। সরকারি ভবনের অব্যবহৃত ছাদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জমির প্রয়োজন ছাড়াই কার্বন নিঃসরণ কমানো সম্ভব।
সোলার প্ল্যান্ট চালুর সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল আলম, মেহেদী হাসান রিফাত, ওজোপাডিকো কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী আসিফ-আল-মাহমূদ এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান পিকো ল্যাবসের প্রতিনিধিরা।
প্ল্যান্টের কার্যক্রম পরিদর্শন ও কারিগরি বিষয়ে আলোচনা শেষে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বলেন, এ উদ্যোগ জেলার অন্যান্য সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে জেলার অন্যান্য সরকারি ভবনেও এ ধরনের সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









