টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ বেড়েছে বলিউডে। এ বার তাই নিরাপত্তা বাড়ানো হল অভিনেতা সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনেও। এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সালমানের বাড়ির আশপাশের গাড়িগুলির তল্লাশিও চলছে বলে জানা যাচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই এই পদক্ষেপ বলে জানা গেছে।
রবিবার মুম্বইয়ের জুহুতে একটি ফুটবল মাঠের বাইরে গুলি চালানো হয় টাইগারকে লক্ষ্য করে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই হামলার সঙ্গে জড়িত তিনজনকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে তাদের ধরা হয়। মুম্বই থেকে দিল্লিগামী ট্রেনে যাত্রা করার সময় রাজস্থান পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে রাজস্থানের সন্ত্রাসদমন বাহিনী। তাদের মধ্যে এক জন মহারাষ্ট্রের বাসিন্দা। বাকি দু’জন হরিয়ানার বাসিন্দা। ঘটনার পর থেকেই তারা পালিয়ে বেড়াচ্ছিল বলে অভিযোগ।
তদন্তকারীদের অনুমান, হামলাকারীরা প্রশিক্ষিত ছিল। গুলি চালানোর আগে টাইগারের গতিবিধির উপর নজর রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনার সঙ্গে নতুন করে আলোচনায় উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভয়েস মেসেজ। অভিযোগ, ওই বার্তায় লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর তরফে টাইগারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সালমান খানের সঙ্গে টাইগারের সম্পর্কের প্রসঙ্গও ছিল সেখানে।
এ দিকে, অনমোল বিষ্ণোই নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া একটি পোস্ট ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। ওই পোস্টে হামলার দায় স্বীকার করার দাবি করা হয়েছে। লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর হয়ে অনিল পণ্ডিত এবং হরমন সন্ধুর নাম উল্লেখ করা হয়েছে সেখানে। তবে পোস্টটির সত্যতা এবং হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও পুলিশি তদন্তের বিষয়।
পোস্টে দাবি করা হয়েছে, এর আগে টাইগারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি সেই হুঁশিয়ারি উপেক্ষা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি, সালমান খানের সঙ্গে কাজ চালিয়ে গেলে অথবা গোষ্ঠীর দাবি না মানলে মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের অন্যদেরও আক্রমণ করা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে।
পোস্টের শেষে লেখা হয়েছে, “এ বার অপেক্ষা করুন, তার পর কী হয় দেখুন।” তবে এই পোস্টের সঙ্গে হামলাকারীদের সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ এপ্রিল ভোরবেলা মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। মোটর চেপে এসে দুই ব্যক্তি পাঁচ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।
সেই ঘটনার কথা মাথায় রেখেই ফের সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









