যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন যবিপ্রবি সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ‘বর্ষসেরা ফিচার লেখক’ সম্মাননা পদক পেয়েছেন দৈনিক এদিন পত্রিকার যবিপ্রবি প্রতিনিধি সাব্বির রহমান রাব্বীল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে যবিপ্রবিসাসের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এ সম্মাননা তুলে দেন।
সাব্বির রহমান রাব্বীল বর্তমানে যবিপ্রবিসাসের একজন সদস্য হিসেবে কাজ করছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
উক্ত অনুষ্ঠানে বর্ষসেরা প্রতিবেদক, বর্ষসেরা উদীয়মান প্রতিবেদক এবং বর্ষসেরা ফিচার লেখকদের নাম ঘোষণা করা হয়।
‘বর্ষসেরা প্রতিবেদক’ পুরষ্কার পেয়েছেন দৈনিক ঢাকা মেইলের যবিপ্রবি প্রতিনিধি রকিবুল হাসান তারেক এবং আরটিভি চ্যানেলের যবিপ্রবি প্রতিনিধি আলফাজ হোসেন আরবী। ‘বর্ষসেরা উদীয়মান প্রতিবেদক’ পুরষ্কার পেয়েছেন ডেইলি ক্যাম্পাসের যবিপ্রবি প্রতিনিধি সাব্বির আহমেদ। ‘বর্ষসেরা ফিচার লেখক’ পুরষ্কার পেয়েছেন দৈনিক এদিন পত্রিকার যবিপ্রবি প্রতিনিধি সাব্বির রহমান রাব্বীল এবং চ্যানেল আই টেলিভিশনের যবিপ্রবি প্রতিনিধি মাহফুজুল ইসলাম।
সাব্বির রহমান রাব্বীল বলেন, ‘‘এমন সম্মাননা আমাদের কাজ করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। ক্যাম্পাস সাংবাদিকতা ক্ষমতায়ন কিংবা আর্থিকভাবে লাভবান হওয়ার কোনো জায়গা না। তবে ক্যাম্পাসের সমস্যা, আয়োজন আর অর্জন নিয়ে লিখতে বেশ ভালো লাগে বলেই এখানে আসা। প্রতিনিয়ত কাজ করার ক্ষেত্রে আমাদের নানা অভিজ্ঞাতার সম্মুখীন হতে হয় যা আমাদের দক্ষ করে তুলে।’’
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও যবিপ্রবিসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “একটি দেশের জন্য সাংবাদিকতা যেমন পিলারের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য সাংবাদিক সমিতিও একটি গুরুত্বপূর্ণ পিলার। বিশ্ববিদ্যালয়ের সব বিষয় সম্পর্কে আমাদের পক্ষে সবসময় জানা সম্ভব নয়, এটাই স্বাভাবিক। তাই আমি প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন। আমরা সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রাখবেন। এভাবেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে পারব।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









