অভিনেতা ইমরান হাশমি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দিয়ে আওয়ারাপান ২ ছবিকে তার ‘এ পর্যন্ত করা সেরা ছবি’ বলে অভিহিত করেছেন।
ছবিতে শিবম পণ্ডিত হিসেবে অভিনয় করা ইমরান বলেন, ‘‘কিছু ছবি এমন হয় যা নিয়ে একজন অভিনেতা সত্যিকার অর্থে গর্বিত হন—আর আওয়ারাপান ২ তেমনই একটি ছবি।’’
তিনি ছবিটিকে আবেগঘন, বৃহৎ পরিসরে নির্মিত অ্যাকশন-মিউজিক্যাল ছবি বলে বর্ণনা করে বড় পর্দায় দেখার আবেদন জানান। এবং তিনি ছবিটির সংগীতের প্রশংসা করেন।
এছাড়াও, পোস্টের একটি বড় অংশ প্রযোজক বিশেষ ভাটকে উৎসর্গ করেন ইমরান, যাকে তিনি আওয়ারাপান-এর জগৎ গড়ে তোলার কৃতিত্ব দেন। তার ভাষায়, বিশেষের দৃষ্টিভঙ্গি ও দৃঢ় বিশ্বাসই ছবির সবকিছুকে রূপ দিয়েছে, এবং তিনি কৃতজ্ঞ যে তারা একসঙ্গে এই যাত্রা শুরু করেছিলেন।
৪৭ বছর বয়সী এই অভিনেতা ছবির অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ দলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একে বিশেষ অভিজ্ঞতা বলে উল্লেখ করেন। পোস্টের শেষে তিনি স্পষ্টভাবে বলেন—এটাই তার সেরা কাজ।
নিতিন কাক্কার পরিচালিত এবং বিশেষ ফিল্মস প্রযোজিত এই ছবিতে শিবম পণ্ডিত একজন ইন্টারপোল কর্মকর্তার অনুরোধে অপহৃত শিশুদের উদ্ধারের মিশনে জড়িয়ে পড়েন। ছবিটি শিশু পাচার, প্রতিশোধ ও মুক্তির গল্প তুলে ধরে। দিশা পাটানি জারা চরিত্রে এবং শাবানা আজমি গ্যাংস্টার রানী নাফিসা চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া সহ-অভিনয়ে আছেন সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও পুরান গাব্বি।
সূত্র: ইন্ডিয়া টুডে


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









