ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বা বাইরে নতুন করে কেউ উত্তেজনা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়ার মিরপুর পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার।
সোমবার (৭ সেপ্টেম্বর) ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সার্বিক পরিস্থিতি নিয়ে এই কথা বলেন তিনি।
সহকারী পুলিশ সুপার বলেন, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। আমাদের স্পষ্ট বার্তা হলো–এর মধ্যে যদি কেউ ক্যাম্পাসের ভেতরে বা বাইরে নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে, তবে জেলা পুলিশ তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন।
উল্লেখ্য, দুই দিন আগে ছাত্রদল নেতা কর্তৃক ছাত্রশিবিরের জিয়া হল শাখার সেক্রেটারিকে থাপ্পড় মারাকে কেন্দ্র করে সংঘর্ষ ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে।
সোমবার অনুষদ ভবনের প্রক্টর অফিসে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের মধ্যস্থতায় এক সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন ও শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীসহ উভয় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দুই দল পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে সমঝোতায় পৌঁছায়। একই সাথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রধান ফটক ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ, ডিবি ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









