প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও একাডেমিক কার্যক্রম, ভৌত অবকাঠামোগত উন্নয়ন এবং অর্জিত অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘আবরার ফাহাদ হল’-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ প্রধানমন্ত্রীর সদয় অবগতির জন্য তুলে ধরেন।
সাক্ষাৎকালে প্রফেসর ড. এ. কে. মতিনুর রহমান তার রচিত কয়েকটি গবেষণামূলক বই প্রধানমন্ত্রীর হাতে সৌজন্য উপহার হিসেবে তুলে দেন। প্রধানমন্ত্রী বইগুলো সাদরে গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হওয়া এ সাক্ষাৎ প্রসঙ্গে সংশ্লিষ্টরা মনে করেন, প্রধানমন্ত্রীর সাথে এই আলোচনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং অবকাঠামোগত প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে ও ভবিষ্যৎ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সার্বিক বিষয়ে আলোচনার বাইরে তিনি তেমন কোনো কমিটমেন্ট দেয়নি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছি, কুষ্টিয়া সফরের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ক্যাম্পাসে নবনির্মিত ‘আবরার ফাহাদ’ হলটি উনাকে দিয়ে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। আগামী মাসে উনার কুষ্টিয়া সফরের সময় আমাদের বিশ্ববিদ্যালয়টিও উনার সফরসূচির তালিকায় অগ্রাধিকার হিসেবে থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









