বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের ব্যুরো কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
সমকাল কার্যালয়ের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরী জানান, শুক্রবার পুলক চ্যাটার্জির স্ত্রী তাকে ফোন করে বলেন, তিনি স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বিষয়টি জানার পর সন্ধ্যায় তিনি কার্যালয়ে গিয়ে দেখেন, ভেতর থেকে দরজা বন্ধ। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।
সুমন চৌধুরী জানান, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক ব্যুরো প্রধান হিসেবে পুলক চ্যাটার্জি মাঝেমধ্যেই সমকাল কার্যালয়ে এসে সময় কাটাতেন এবং পত্রিকা পড়তেন। তার অনুরোধের প্রেক্ষিতেই কার্যালয়ে প্রবেশের জন্য তাকে একটি চাবিও দেওয়া হয়েছিল।
ঘটনার সময় কার্যালয়ের পিয়ন দীপক ছুটিতে থাকায় অফিসে অন্য কেউ ছিলেন না বলে জানান তিনি।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









