ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজিত ‘ফ্রেশার্স ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় খেলার ফিকশ্চার র্যাফেল ড্রয়ের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন শাখা শিবির সভাপতি ইউসুফ আলী।
আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ৩২টি বিভাগ অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী প্রতিটি বিভাগের অধিনায়কদের উপস্থিতিতে লটারির মাধ্যমে প্রথম রাউন্ডের খেলার সূচি (ফিকশ্চার) নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্টের সবকটি ম্যাচ নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৮ হাজার টাকা, রানারআপ দল পাবে ৫ হাজার টাকা এবং প্রতিটি সেমিফাইনালিস্ট দলকে ১ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।
শাখা ছাত্রশিবিরের ছাত্র অধিকার ও স্পোর্টস সম্পাদক নাহিদ হাসানের পরিচালনায় নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার (২৩ সেপ্টেম্বর) উদ্বোধনী ম্যাচে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হবে।
শাখা শিবির সভাপতি ইউসুফ আলী বলেন, ‘‘খেলায় জয়-পরাজয়ের চেয়ে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য টিকিয়ে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হাদিস অনুযায়ী যার আচরণ ও চরিত্র সবচেয়ে সুন্দর, সেই সর্বোত্তম মুসলমান। অহংকার বিসর্জন দিয়ে ছাড় দেওয়ার মধ্যেই প্রকৃত আত্মিক প্রশান্তি রয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মূল লক্ষ্য হলো দেশের তরুণ ও নতুন প্রজন্মকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা। উপযুক্ত নেতৃত্ব, সততা ও দক্ষতার কারণে সিঙ্গাপুর এবং চীন অর্থনৈতিকভাবে অভূতপূর্ব উন্নতি করতে পারলেও, বাংলাদেশে স্বাধীনতার ৫৫ বছর পরও দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র, দুর্বল রাজনৈতিক ও শিক্ষাব্যবস্থার কারণে প্রত্যাশিত উন্নয়ন ঘটেনি। আগামী দিনের তরুণ নেতৃত্বই দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও দেশপ্রেমিক এক নতুন বাংলাদেশ গড়ে তুলবে—এটাই মূল প্রত্যাশা।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









