তেলুগু তারকা ‘ন্যাচারাল স্টার’ নানির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’ মুক্তি পাচ্ছে ২৪ সেপ্টেম্বর। শ্রীকান্ত ওডেলা পরিচালিত সিনেমাটি নিয়ে মুক্তির আগেই দর্শকমহলে বেশ হইচই। এর মধ্যেই গুগল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে থাকা নানির ভক্তরা খুঁজছেন এই অভিনেতার কত সম্পদ, বাড়ি-গাড়ি আর অভিনয়জীবনের গল্প।
নায়ক হওয়ার অনেক আগেই বিনোদন জগতে পথচলা শুরু নানির। ক্ল্যাপ সহকারী হিসেবে কাজ করেছেন তিনি, পরে পরিচালক বাপুর সহকারী পরিচালক হন। অভিনয়ের সুযোগের অপেক্ষায় থাকার সময় ওয়ার্ল্ডস্পেস স্যাটেলাইট রেডিওতে আরজে হিসেবেও কাজ করেছেন তিনি। সেখানে ‘নন স্টপ নানি’ নামে একটি অনুষ্ঠান সঞ্চালনা করতেন। পর্দার আড়ালের কাজ আর রেডিওর অভিজ্ঞতা দর্শকের সঙ্গে তার সংযোগ গড়ে তুলতে বড় ভূমিকা রেখেছে।
ইন্দ্রগন্তি মোহন কৃষ্ণ পরিচালিত ‘আস্থা ছাম্মা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় নানির। এরপর ‘রাইড’, ‘স্নেহিতুদা’ ও ‘ভীমিলি কাবাডি জাট্টু’সহ বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। ‘আলা মোদলাইন্দি’, ‘পিল্লা জমিন্দার’ ও ‘ইগ্গা’র মতো সিনেমায় বড় সাফল্য পেয়ে আরও বেশি পরিচিতি পান তিনি।

পরের বছরগুলোয় ‘ভালে ভালে মগাদিভোয়’, ‘জার্সি’, ‘শ্যাম সিংহ রায়’, ‘দশেরা’, ‘হাই নান্না’ ও ‘সারিপোধা শনিবারাম’র মতো সিনেমা তাকে তেলুগু চলচ্চিত্রের অন্যতম শীর্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, নানির মোট সম্পদের পরিমাণ ১৫০ থেকে ২০০ কোটি রুপির মতো। শোনা যায়, প্রতিটি সিনেমার জন্য ২৫ থেকে ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি।
হায়দরাবাদ, বিশাখাপত্তনমসহ বিভিন্ন জায়গায় নানির একাধিক সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। কিছু প্রতিবেদনের হিসাবে এসব সম্পত্তির মোট মূল্য প্রায় ৫০ কোটি রুপি। তার হায়দরাবাদের বাড়িটির দামই আনুমানিক ৪০ কোটি রুপি।
এ ছাড়া হায়দরাবাদ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে চেভেল্লায় ‘হাম্বল’ নামে একটি খামারবাড়িও আছে তার। যার মূল্য ৫ থেকে ১০ কোটি রুপি বলে ধারণা করা হয়।
![]()
বাড়ি-খামারবাড়ি ছাড়াও দামি ও বিলাসবহুল গাড়ির সংগ্রহও রয়েছে নানির। প্রতিবেদনগুলো বলছে, সংগ্রহের সবচেয়ে দামি গাড়িগুলোর একটি রেঞ্জ রোভার ৩.০ ভোগ রয়েছে। এই বিলাসবহুল এসইউভিতে প্রায়ই তাকে দেখা যায়। আরাম ও পারফরম্যান্সের জন্য পরিচিত বিএমডব্লিউ ৫ সিরিজের প্রিমিয়াম সেডান গাড়িটি শহরের ভেতরে চলাচলে ব্যবহার করেন বলে জানা গেছে। এছাড়াও টয়োটা ফরচুনারও আছে তার সংগ্রহে। নানির গাড়ি ও অন্যান্য যানবাহনের মোট মূল্য প্রায় ৬ কোটি রুপি।
অভিনয়ের বাইরে প্রযোজনা ও টেলিভিশনেও সক্রিয় নানি। ‘বিগ বস তেলুগু’র দ্বিতীয় মৌসুম উপস্থাপনা করেছেন তিনি। প্রযোজক হিসেবে তার ঝুলিতে আছে ‘হিট’ সিরিজের সিনেমাগুলো এবং ‘কোর্ট: স্টেট বনাম এ নোবডি’। প্রযোজনার মাধ্যমে অভিনেতার গণ্ডির বাইরেও নানা গল্প দর্শকের সামনে আনার সুযোগ পেয়েছেন তিনি।
চিরঞ্জীবীকে নিয়ে একটি সিনেমাও করবেন নানি। যেটি পরিচালনা করবেন ‘দ্য প্যারাডাইস’র পরিচালক শ্রীকান্ত ওডেলাই।

২০২৩ সালে সফল সিনেমা ‘দশেরা’র পর ‘দ্য প্যারাডাইস’-এ আবারও শ্রীকান্ত ওডেলার সঙ্গে জুটি বাঁধছেন নানি। এসএলভি সিনেমাস প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মোহন বাবু, কায়াদু লোহার, সোনালি কুলকার্নি ও রাঘব জুয়াল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









