সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধিগ্রহণ করা জমিতে দেয়াল নির্মাণ করে গোরস্থান তৈরির চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে মোগলাবাজার থানার পুলিশ।
স্থানীয় সূত্র ও জমির মালিকানা-সংক্রান্ত নথির বরাত দিয়ে জানা গেছে, পাঠানপাড়া এলাকায় দৈনিক জৈন্তাবার্তা কার্যালয়ের সামনে ৬০০১ দাগের সওজের ৪ শতক জমিতে দেয়াল নির্মাণের কাজ শুরু হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন ওই কাজ করছিলেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তৌসিফ বক্স লিপন এবং বিএনপি নেতা আক্তার তাকে সহযোগিতা করছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দেয়াল নির্মাণে বাধা দিলে সেখানে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একই সঙ্গে অপ্রীতিকর ঘটনা এড়াতে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়।
আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, “সেখানে পারিবারিক একটি গোরস্থান নির্মাণের কথা তিনি শুনেছেন। তবে এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।”
পাশের ৬০০৩ দাগের জমির মালিক লন্ডনপ্রবাসী কাউসার আহমদ শিপলুর দাবি, ১৯৫৬ সালে সওজ ৬০০১ দাগের ওই জমি অধিগ্রহণ করে। ফলে জমিটি সওজের মালিকানাধীন। তার অভিযোগ, নাছির উদ্দীন ওই জমি দখল করে সেখানে পারিবারিক গোরস্থান নির্মাণের চেষ্টা করছেন।
তিনি আরও জানান, এর আগেও ওই জায়গা দখল করে তিনটি দোকানকোটা নির্মাণ করা হয়েছিল। পরে ওয়ান-ইলেভেনের সময় সড়ক ও জনপথের অনুরোধে সেনাবাহিনী অবৈধ এসব দোকান কোটা উচ্ছেদ করে। বর্তমানে আবারও ওই জায়গা দখলের পাঁয়তারা চলছে বলে তিনি অভিযোগ করেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন দৈনিক এদিনকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। জমির মালিকানা নিয়ে বিরোধ থাকায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় উপস্থিত হতে বলা হয়েছে।
সড়ক ও জনপথ সিলেটের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন দৈনিক এদিনকে বলেন, আমি সার্ভেয়ারের সাথে কথা বলে খোঁজ নিচ্ছি। অবশ্যই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









