গুয়াহাটিতে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবিশ্বাস্য অপরাজিত ২২৩ রানের ইনিংস খেলেছেন শুবমান গিল। তার ব্যাটে ভারত ৪০৬ রানের লক্ষ্য মাত্র ৪৩.৩ ওভারে পেরিয়ে গেছে, যা ওয়ানডেতে দলটির সর্বোচ্চ সফল রান তাড়া।
গিল ওয়ানডে ইতিহাসের দ্রুততম দ্বিশতক করেছেন, মাত্র ১১৭ বলে। এ ছাড়া ভারতীয় অধিনায়কের দ্রুততম সেঞ্চুরি এবং রান তাড়ায় কোনো ভারতীয়র সর্বোচ্চ স্কোরের রেকর্ডও এখন তার দখলে। পেছনে ফেলেছেন ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ঈশান কিষাণের ১২৬ বলে ডাবল সেঞ্চুরির কীর্তি।
দ্রুততম ডাবল সেঞ্চুরির দিনে আরও কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন গিল। ১৩৩ বলে ৮ ছয় ও ২৬ চারে ২২৩ রানের অপরাজিত ইনিংসটি ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ। ভেঙেছেন ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের রেকর্ড।
এ ছাড়া ওয়ানডেতে একাধিক ডাবল সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় ব্যাটসম্যানও হয়েছেন গিল। অপরজন রোহিত শর্মা (৩টি)।
গিল দারুণ সহায়তা পেয়েছেন রোহিত শর্মার কাছ থেকে। ৭২ বলে সেঞ্চুরি করা রোহিত শেষ পর্যন্ত ৭৫ বলে ৬ ছয় ও ১০ চারে ১০১ রানে আউট হন।
এর আগে জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গু সেঞ্চুরি করলে ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে গিল বোলিং বেছে নেন।
ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্যাম্পবেল ৬৫ বলে ৫ ছয় ও ৯ চারে সেঞ্চুরি করেন। ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটারের এটি দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। অধিনায়ক হোপ ৯৪ বলে ৩ ছয় ও ৮ চারের বিনিময়ে ১০৪ রান করেন। জাঙ্গু মাত্র ৭০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৭৭ বলে ৩টি ছয় ও ১৩টি চারে ১১৪ রান করেন।
ভারতের হয়ে গুরনূর ব্রার, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন। এই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে ২০০ উইকেট পূর্ণ করেছেন কুলদীপ।
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









