গাজীপুরের জয়দেবপুরে বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ মো. রাসেল রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে পৌনে পাঁচটার দিকে ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালায় এসআরবি-১, সিপিএসসি গাজীপুর ও সিপিসি-১ উত্তরা ঢাকার যৌথ আভিযানিক দল।
অভিযানকালে রাসেল রানার শয়নকক্ষ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার দেব জিৎ পাল রাত ৯টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশের দাবি, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছিলেন। অস্ত্র প্রদর্শন করে চাঁদা দাবি এবং না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে উদ্ধার করা অস্ত্র কোথা থেকে এসেছে, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখছে এসআরবি-১।
গ্রেপ্তার রাসেল রানা গাজীপুর সদর উপজেলার জানাকুর গ্রামের আসাদ উল্লার ছেলে।
তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









