বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের এমফিল ও পিএইচডি গবেষকদের ১ম সেমিস্টারের বাধ্যতামূলক কোর্সওয়ার্কের ক্লাস শুরু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) একাডেমিক ভবন-৩-এর মার্কেটিং বিভাগের ২০১ নম্বর কক্ষে (গ্যালারি রুম) ক্লাস শুরু হয়।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের পুনঃভর্তিকৃত ৫৫ জন এবং নিয়মিত পূর্ণকালীন ভর্তিকৃত ১৩ জন গবেষক এতে অংশ নেন।
প্রথম সেশনে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহ্জামান স্ট্যাটিসটিক্স ইন রিসার্চ (আইআরই ১০১) এবং দ্বিতীয় সেশনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. মতিউর রহমান রিসার্চ মেথডোলজি (আইআরই ১০২) বিষয়ে পাঠদান করেন।
কোর্সওয়ার্ক কার্যক্রম শুরু প্রসঙ্গে ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের পরিচালক (দায়িত্বে) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দের দিন এবং এর মাধ্যমে নতুন একটি মাত্রা যুক্ত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, গবেষকেরা কোর্সওয়ার্ক সম্পন্ন করে নির্ধারিত তত্ত্বাবধায়কের অধীনে গবেষণা কার্যক্রম শেষ করবেন এবং তাঁদের গবেষণালব্ধ ফলাফল এ অঞ্চল ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।
তিনি ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সকে সচল ও কার্যকর রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। প্রথম দিনের কোর্সওয়ার্ক সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় কোর্সশিক্ষক ও ইনস্টিটিউটে কর্মরত সবাইকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, এমফিল ও পিএইচডি প্রোগ্রাম সংক্রান্ত নীতিমালা-২০২৫ অনুযায়ী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে গবেষকদের জন্য কোর্সওয়ার্ক বাধ্যতামূলক করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









