ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। গুচ্ছভুক্ত তিন ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৯, ২০ ও ২৭ মার্চ এবং স্বতন্ত্র ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তা-শিক্ষকবৃন্দ।
সভা সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় নিয়ন্ত্রক কমিটি আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে পরীক্ষা আয়োজনের কথা জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র হিসেবে সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চকে বিবেচনায় রেখেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একক ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
ভর্তি কমিটি জানায়, গুচ্ছের কেন্দ্রীয় কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচির ওপর ভিত্তি করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর চূড়ান্ত তারিখ ও বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









