বরিশাল নগরীর নিরাপত্তা ও পুলিশি সেবা বাড়াতে থানার সংখ্যা চারটি থেকে আটটিতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
সোমবার (২৬ অক্টোবর) বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
সকালে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। পরে আনন্দ র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, জনসংখ্যা, নগরায়ণ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ দমনে নানা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব মোকাবিলা করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে পুলিশকে কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।

বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, প্রতিষ্ঠার পর থেকে নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিএমপি। বর্তমানে চারটি থানার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আরও চারটি থানা যুক্ত করা গেলে মোট আটটি থানার মাধ্যমে পুলিশি সেবা দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, এসআরবি-৮-এর অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম, উপপুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান ও সুশান্ত সরকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহসভাপতি হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সহসম্পাদক মোফাজ্জেলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
২০০৬ সালের ২৬ অক্টোবর বরিশাল মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়। দুই দশকের পথচলায় নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছে সংস্থাটি। বর্তমানে বিএমপিতে প্রায় ১ হাজার ৮০০ সদস্য কর্মরত রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









