জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট চলাকালে বাউন্ডারির বাইরে বল চলে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ঘটনার জেরে বুধবার রাতে অগ্নিবীণা হল, সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলাভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, কলাভবনের সামনে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে ইংরেজি, লোকপ্রশাসন ও চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে ওই তিন বিভাগের রবিউল, সাকিব, রাফি ও রোমান নামের চার শিক্ষার্থী গুরুতর আহত হন।
মানববন্ধনে শিক্ষার্থীরা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান। এ সময় তাঁরা ‘নজরুলের আঙিনায়, সন্ত্রাসের ঠাঁই নাই’, ‘গ্যাং কালচার বন্ধ হোক’ ও ‘আমার ভাইয়ের রক্তের হিসাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ঘটনার পরদিনই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের নিরপেক্ষতা নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একজন শিক্ষককে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া সুষ্ঠু তদন্তের স্বার্থে সংঘর্ষে সংশ্লিষ্ট বিভাগগুলোকে কমিটির বাইরে রাখা হয়েছে।
উপাচার্য বলেন, ক্যাম্পাসে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিশ্চিতভাবে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









