একসময় পরীক্ষার খাতায় না লিখলেও শতকরা ৯৮ ভাগ শিক্ষার্থীকে পাস করানো হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘‘শিক্ষাব্যবস্থার এমন দশার কারণেই বর্তমানে তরুণদের হাতে প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকলেও তাদের উপযুক্ত দক্ষতা ও জ্ঞানের চরম অভাব রয়েছে।’’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নগরীর কালেক্টরেট মাঠে আয়োজিত ৯ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার মান ও তরুণদের বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘‘যথাযথ শিক্ষা ও দক্ষতার অভাবেই দেশে বেকারত্ব বাড়ছে। আর এই বেকারত্বের সুযোগ ও হতাশা কাজে লাগিয়েই দেশজুড়ে মাদকের ভয়াবহ বিস্তার ঘটানো হয়েছে।’’
তবে শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘‘শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে জাতীয় বাজেটের প্রায় চার ভাগের এক ভাগই শিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে মেধাবী শিক্ষক নিয়োগ এবং তাদের বেতন-ভাতা বাড়ানোর বিশেষ পরিকল্পনাও সরকার হাতে নিয়েছে।’’
তরুণ প্রজন্মকে আগামী দিনের সম্পদ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘‘গ্রাম ও শহরের সব শিশুকে এখন থেকেই বই পড়া, নিয়মিত খেলাধুলা এবং সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতে হবে। এর মাধ্যমেই কেবল তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে এবং তারা ভবিষ্যতের মেধাবী মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।’’
উদ্বোধনী আলোচনা সভার পর মেলা প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ পবা মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী ৫ এর সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, রাজশাহীর কালেক্টরেট মাঠে শুরু হওয়া এই বিভাগীয় বইমেলা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









