মাগুরার শালিখা উপজেলায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় পিরোজপুরের ইন্দুরকানী থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথকেও কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ইন্দুরকানী থানায় কর্মরত অবস্থায় এসআই ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিন বরিশাল নৌ-পুলিশে কর্মরত সাবেক ওসি বিপ্লব কুমার নাথকেও গ্রেপ্তার করে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা দুজনই এ মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যান তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন। পরে তাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে উল্লেখ করে শালিখা থানায় একটি মামলা করা হয়েছিল।
মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের ১ অক্টোবর আদালতে হত্যা মামলা করেন। এতে সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ কয়েকজনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করে শালিখা থানা।
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, গ্রেপ্তারের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ করেননি তিনি।
এ বিষয়ে জানতে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘‘উপপরিদর্শক ইসমাইল হোসেনকে শালিখা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’’
পিরোজপুরের ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, ইসমাইল হোসেন নামে একজন উপপরিদর্শক ওই থানায় কর্মরত ছিলেন। তবে বর্তমানে তার অবস্থান সম্পর্কে তিনি অবগত নন।
পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘‘ইসমাইল হোসেন মাগুরার শালিখা থানার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন। তিনি ইন্দুরকানী থানায় কর্মরত ছিলেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









