জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃবিভাগ (ছাত্র) ও আন্তঃঅনুষদ (ছাত্রী) ফুটবল প্রতিযোগিতা।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ছাত্র ও ৬টি অনুষদের ছাত্রীরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘‘শিক্ষার পরিপূরক হলো খেলা। সুস্থ দেহ ও মনের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে এমন অনেক তারকা রয়েছেন, যারা শুধু খেলার মাধ্যমেই খ্যাতি অর্জন করেছেন। আমি আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও তেমন খেলোয়াড় তৈরি হবে, যাদের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় দেশে-বিদেশে পরিচিতি লাভ করবে।’’
খেলোয়াড়দের সহনশীল ও নিয়মানুবর্তী হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, ‘‘খেলা মানুষকে নিয়মানুবর্তী হতে শেখায়। মাঠে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে সহনশীল হতে হবে। খেলার মাধ্যমে তোমাদের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত হোক এবং একে অপরের বন্ধু হিসেবেই যেন বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পারো।’’
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এ ছাড়া ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









