সবুজায়ন প্রকল্পের আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রাবার, লিচু ও কামরাঙার চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের প্রয়োজনে কিছু গাছ স্থানান্তর ও অপসারণ করতে হয়েছে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় অপসারণ করা গাছের চেয়ে বেশি গাছ পরিকল্পিতভাবে রোপণ করা হচ্ছে।
পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে রাবার, রঙ্গন, বাগানবিলাস, পেয়ারা, আতা, আমলকী, লিচু, কাঠবাদাম, সোনালু ও করবী উল্লেখযোগ্য।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়াসহ ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









